ফরিদপুরে মাহিন্দ্র ভাঙচুরের ঘটনায় যুবদল নেতা লিমন বহিষ্কার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

ফরিদপুরে চাঁদা না পেয়ে ১৬টি মাহিন্দ্র ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহ সভাপতি মাসুদুর রহমান লিমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়তাবাদী যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। তার কোনো অপকর্মের দায়িত্ব দল নেবে না, পাশাপাশি যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে।

ছবি: প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর বিকেলে শহরের গোয়ালচামট এলাকার ভাঙ্গা রাস্তার মোড়ে জেলা যুবদলের নেতা মাসুদুর রহমান লিমনের বাহিনী চাঁদা দাবিতে শহরের  মাহিন্দ্র স্ট্যান্ডে তাণ্ডব চালিয়ে ১৬টি গাড়ি ভাঙচুর করে। এসময় কমপক্ষে ১০ জন আহত হন। এ ঘটনায় কোতয়ালী থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন স্ট্যান্ডের মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মামলা হওয়ার পর বুধবার দুপুরে শহরের ওয়্যারলেসপাড়া থেকে পুলিশ যুবদল নেতা মাসুদুর রহমান লিমনসহ দুইজনকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত