ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে প্রথমবারের মতো টেস্ট ফরম্যাটের সহ-অধিনায়ক হলেন রবীন্দ্র জাদেজা। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও লাল বলের ক্রিকেটে জাদেজা প্রথমবার সহ-অধিনায়ক হয়েছেন।
দলের নেতৃত্বে থাকছেন তরুণ ওপেনার শুবমান গিল, যিনি এর আগেও ইংল্যান্ড সফরে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন। তবে পায়ের চোট কাটিয়ে না ওঠায় দলের সহ-অধিনায়ক রিশাভ পান্ত এবারও স্কোয়াডে নেই। তিনি বর্তমানে বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। উইকেটরক্ষক হিসেবে দলে রাখা হয়েছে ধ্রুব জুরেল ও এন জগদীশনকে, এর মধ্যে জুরেলকেই প্রথম পছন্দ হিসেবে দেখা হচ্ছে।
দলে আছেন পেসার জাসপ্রিত বুমরাও। যদিও ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার মাত্র একদিন পরই আহমেদাবাদে প্রথম টেস্ট শুরু হবে, তবুও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার জানিয়েছেন, বুমরা খেলার জন্য প্রস্তুত আছেন। ইংল্যান্ড সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, আকাশ দীপ, অংশুল কাম্বোজ, অর্শদীপ সিং ও শার্দুল ঠাকুর।
এদের মধ্যে ঈশ্বরন, আকাশ দীপ ও কাম্বোজকে ইরানি কাপে রেস্ট অব ইন্ডিয়া দলে রাখা হয়েছে। স্পিন সহায়ক কন্ডিশন বিবেচনায় দলে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলকে। সঙ্গে আছেন লেগস্পিনার কুলদীপ যাদব। পেস আক্রমণে বুমরা, মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা নেতৃত্ব দেবেন। আগামী ২ অক্টোবর আহমেদাবাদে প্রথম টেস্ট ও ১০ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
ভারতের টেস্ট দল: শুবমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, এন জগদীশন (উইকেটরক্ষক)।
লিটন খেললে বাংলাদেশ জিতে যেত: বাসিত আলী
নির্বাচন ঘিরে হঠাৎ সক্রিয় ক্রিকেটাররা; দিচ্ছেন একই রকম পোস্ট
ভুল স্বীকার করে মাঞ্জরেকার বললেন ‘বাংলাদেশ দ্বিতীয় সেরা দল’
কৃষকদের সম্মেলনেও মেসির কথা বললেন 'আইডল' পাবলো আইমার