সুপার ফোরে পাকিস্তানের কাছে ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সুপার ফোরে টানা দুই ম্যাচ বাংলাদেশ হারলো ব্যাটিং ব্যর্থতায়। ম্যাচ শেষে সেটি স্বীকার করে নিলেন লিটন দাসের বদলে অধিনায়কত্ব করা জাকের আলী।
ম্যাচ শেষে জাকের বলেন, 'ব্যাটিং বিভাগ হিসেবে শেষ দুটো ম্যাচে আমরা হেরেছি। কিন্তু বোলিং ইউনিট খুব ভালো কাজ করছে, ছেলেরা দারুণ করছে। (ভারতের বিপক্ষে) ব্যাটিং আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে, আজও তাই হয়েছে।'
নিয়মিত অধিনায়ক লিটন দাস চোটে থাকার কারণে সুপার ফোরের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন জাকের। তার অধীনে বাংলাদেশ পরপর দুটি ম্যাচ হেরে যাওয়ায় হতাশ তিনি।
জাকের বলেন, 'অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা একটু কঠিন, কিন্তু আমি সুযোগ নিতে চেয়েছি, নিজের খেলা খেলেছি, নেতৃত্বে মানিয়ে নিতে চেষ্টা করছি আর উপভোগ করছি। যেসব খেলোয়াড় আমাকে গর্বিত করেছে, তারা হলেন আমাদের বোলার রিশাদ ও সাইফ।'
সাইফের প্রশংসা করে বলেন, 'ব্যাটসম্যান হিসেবে সাইফ পুরো টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, তবে দুর্ভাগ্যবশত আমরা তাকে যথেষ্ট সাপোর্ট দিতে পারিনি। বোলিং ইউনিট হিসেবে আমরা এই টুর্নামেন্টে সত্যিই দারুণ করেছি।' তবে জাকের নিজে ব্যাট হাতে মারতে পারেননি কোন ছক্কা।
