ফরিদপুর সদর উপজেলার চৌধুরী বাজার এলাকায় পানিতে ডুবে দুই নাতি ও দাদি নিখোঁজ হন। পরে এক নাতিসহ দাদির লাশ উদ্ধার করা হয়। অপর নাতি নিখোঁজ থাকলেও আজ শুক্রবার সকালে তার লাশটি কুমার নদীতে ভেসে ওঠে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চর গ্রামের চৌধুরী বাজার এলাকায় কুমারনদে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার হওয়া দাদির নাম মালা বেগম (৬৮)। তিনি পশ্চিম ভাসান চর গ্রামের দিরাজউদ্দিন মৃধার স্ত্রী।
নিহত শিশুদের নাম হল, তোতা মৃধার ছেলে তৌসিফ (৭) এবং তার আপন চাচাতো ভাই সারফুদ্দিন মৃধার ছেলে সোয়াদ (৬)।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান বারি চৌধুরী বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে আপন দুই চাচাতো ভাই সোয়াদ ও তৌসিফ। গোসলের এক পযায়ে তারা পানিতে ডুবে যায়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে দাদি মালা বেগমও পানিতে ডুবে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ ছিল না।
স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দুই নাতিসহ দাদির নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে এলাকার জানতে পারেনি। বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখতে পায়। এরপর এলাকাবাসী ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন এ খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোক গিয়ে দাদি ও এক নাতির লাশ উদ্ধার করে। অপর নাতির লাশ উদ্ধারের চেষ্টা করেও না পেয়ে সন্ধ্যার পর অভিযান শেষ করে। পরে বিশ ঘণ্টা পর শুক্রবার সকালে অপর নাতি সোহাদ এর লাশ কুমার নদে ভেসে ওঠে।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। এরপর সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে কুমার নদ থেকে দাদী ও নাতির দুটি লাশ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ আর এক নাতির লাশ সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পর এক পর্যায়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে। এরপর শুক্রবার সকালে জানতে পারি স্থানীয়রা নদীতে সোয়াদ এর লাশ ভেসে উঠলে তারা লাশ টি উদ্ধার করেছে।
এ ঘটনার পর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর ভাষানচর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় একই পরিবারের তিনটি লাশ দেখে স্থানীয় এবং পরিবারের লোকজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
হাতিয়ায় জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
'পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে নতুন অধ্যায় রচিত হবে'