পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইরান-রাশিয়ার ২৫ হাজার কোটি ডলারের চুক্তি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে ২৫ হাজার কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করেছে ইরান। এই চুক্তির আওতায় ইরানে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে শুক্রবার জানিয়েছে সংবাদ সংস্থা ইরনা।

রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ইরানের হরমুজ কোম্পানি ও রোসাটমের মধ্যে ২৫ হাজার কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’

এর আগে রোসাটম বুধবার ইরানে ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বলে জানিয়েছিল। তবে সেসময় কেন্দ্রের সংখ্যা উল্লেখ করা হয়নি।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এই চুক্তির আওতায় তৃতীয় প্রজন্মের কেন্দ্রগুলো সিরিক অঞ্চলের ৫০০ হেক্টর এলাকায় নির্মিত হবে এবং মোট ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষম হবে। চুক্তিটি মস্কোতে স্বাক্ষরিত হয়।

২০১৫ সালে ইরানের সঙ্গে ইউরোপীয় অংশীদাররা যে পরমাণু চুক্তি করেছিল সেটি আবার নবায়ন করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আগামী শনিবারের মধ্যে কার্যকর করার উদ্যোগ নিয়েছে। এর মধ্যেই মস্কো-তেহরানের চুক্তিটি স্বাক্ষর করার মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের বিরুদ্ধে চুক্তির শর্তাবলী পূরণ করতে ব্যর্থতার অভিযোগে গত মাসে এই নিষেধাজ্ঞা পুনরায় চালু করার ঘোষণা দেয় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি।

অতিরিক্ত চাহিদার সময় কখনো কখনো বিদ্যুৎ ঘাটতির মুখোমুখী হয় ইরান। বর্তমানে দেশটি দক্ষিণ শহর বুশেহরে শুধু একটি বিদ্যুৎকেন্দ্র চালু রেখেছে। সেটিও রাশিয়ার নির্মিত এবং এর ক্ষমতা প্রায় ১ জিগাওয়াট।

রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং জুনে ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন ও ইসরায়েলের হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

ইসরায়েল কোনো প্রমাণ ছাড়াই বলেছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের পথে রয়েছে। ইরান অবশ্য বলেছে, তার এমন কোনো পরিকল্পনা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত