গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক সংস্কারের জন্য নির্বাচন অপরিহার্য। তিনি মনে করেন, সংস্কার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কেবল নির্বাচনের মাধ্যমেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার নবম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান কোনো একক দল করে নাই। অভ্যুত্থানে সমস্ত দল যারা আন্দোলন করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে; দল করেন না এমন অসংখ্য মানুষ এ অভ্যুত্থানে যুক্ত হয়েছিলেন—জীবন দিয়েছিলেন।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচন ভণ্ডুল হয়ে গেলে, কেউ একক কর্তৃত্ব কায়েম করতে গেলে এই রাষ্ট্রে আবার অন্ধকার জেঁকে বসবে। আমরা নির্বাচন চাই, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে।
জামায়াতে ইসলামীর দাবির প্রসঙ্গ টেনে সাকি বলেন, কোনো কোনো দল পিআর পদ্ধতি দাবি করছে। ঐকমত্য কমিশনে নিম্নকক্ষ অর্থাৎ জাতীয় সংসদে পিআর পদ্ধতির কোনো প্রস্তাবই ছিল না। জামায়াতে ইসলামী আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে আন্দোলনে নেমে গেছেন নিম্নকক্ষেও পিআরের দাবিতে। জামায়াতে ইসলামী যে পদ্ধতিটি দাবি করছে সেটা তো হলো ৩০০ আসনেই পিআর। তার মানে এখানে কোনো প্রার্থীর দরকার নাই। তাহলে একেকজন নেতার নামে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন হয় সেই রকম নির্বাচন হবে—একজন নেতা, একটি প্রতীক, একটি দল, তার উপরে সব মানুষ ভোট দাও, সে ভোটে যে যত ভোট পেল সে অনুযায়ী যে যার দল মনোনয়ন দিয়ে দিবে। এটা জনগণের প্রতিনিধিত্বমূলক জায়গা হলো না।
জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জুলাইয়ের সনদ রক্তের উপর লেখা সনদ। এই সনদ আগামী জনপ্রতিনিধিরা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে—এমন আইন করতে হবে। কেবল অঙ্গীকারে কেউ বিশ্বাস করছে না। এই দেশের ইতিহাসে বহু অঙ্গীকার বহুজনে ভঙ্গ করেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের নবনির্বাচিত জেলা সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, ছাত্র ফেডারেশনের সদ্য সাবেক জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাবেক সাধারণ সম্পাদক সৃজয় সাহা।
বাংলাদেশের প্রকৃত শক্তি ঐক্যে: তাসনিম জারা
মাদ্রিদ ডার্বির আগে এমবাপ্পেদের সতর্ক করলেন আলোনসো