দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুম থেকে বিক্রির জন্য রাখা টিসিবির ৫১টি ২ লিটার সয়াবিন তেলের বোতল চুরি হয়েছে। এ ঘটনায় লিম ইসলাম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার টংগুয়া দলবাড়ী এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩৯টি সয়াবিন তেলের বোতল জব্দ করা হয়।
টিসিবি ডিলার রেজাউল করিম জানান, গত ২৪ সেপ্টেম্বর ভেড়ভেড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডভিত্তিক বিতরণের পর অবশিষ্ট চাল, ডাল, তেল ও চিনি রাখা হয়েছিল। ২৬ সেপ্টেম্বর বিকেলে দেখা যায় ৫১ বোতল তেল অদৃশ্য। পরে বিষয়টি জানাজানি হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির ঘটনায় জড়িতরা হলরুমের জানালার গ্রিলের পাল্লা সরিয়ে চুরি করেছে। এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন।
খানসামা থানার অফিসার ইনচার্জ নজমুল হক দেশ রূপান্তরকে বলেন, টিসিবির তেল চুরির ঘটনায় আটক এক যুবককে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। চুরির ঘটনা তদন্ত চলছে এবং বাকি তেল উদ্ধারের চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
