খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৃষ্ট বিক্ষোভ ও সহিংসতার প্রেক্ষাপটে ‘ভুয়া ধর্ষণ’ বলে মন্তব্য করার জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। গতকাল রবিবার তার এ বক্তব্যের পর থেকে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টে হান্নান মাসউদ দাবি করেন যে, সমাবেশে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি তিনি ভুলবশত বলে ফেলেছেন। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে 'ভুয়া ধর্ষণ' শব্দটি ব্যবহার করে ফেলি যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধর্ষকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে।’
তিনি আরও লিখেন, ‘এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহার করায় আমি বিব্রত ও দুঃখিত। শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করি।’
একই পোস্টে তিনি বলেন, ‘পাহাড় ও সমতলের বাংলাদেশের সকল নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ঐকবদ্ধ থাকুন। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। উভয় পক্ষের কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য আইনশৃঙ্খলা বাহিনি ও সরকারের প্রতি আহ্বান জানাই।’
উল্লেখ্য, খাগড়াছড়িতে এক পাহাড়ি কিশোরীর ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও সহিংসতা চলছে। এই ঘটনায় হান্নান মাসউদের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।
