ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ জয় করছি: পুতিন

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ এএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে। সাম্প্রতিক সময় ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই তিনি এই মন্তব্য করলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ, সমগ্র রাশিয়া এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।

পুতিন আরও বলেন, আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।

অবশ্য দীর্ঘ আড়াই বছর ধরে চলা এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ নিয়ে আলাদাভাবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশও রয়েছে।

যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী এখন শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গ্রাম নিয়ন্ত্রণ করছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।

এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হচ্ছে এবং শান্দ্রিগোলোভে গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে রুশ পতাকা উত্তোলন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত