বোমা হামলার হুমকিতে অজ্ঞাত স্থানে থালাপতি বিজয়

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ এএম

তামিলনাড়ুর করুরে পদপিষ্টের মর্মান্তিক ঘটনার পর জনরোষ ও নিরাপত্তাজনিত আশঙ্কায় অভিনেতা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে নিরাপত্তা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। গত সোমবার তার বাসভবনে বোমা রাখার হুমকি এসেছে বলে পুলিশকে জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয়।

চেন্নাই পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে অভিনেতা বিজয়ের নীলাঙ্কারাইয়ের ইস্ট কোস্ট রোডের বাসভবনে বোমা রাখা আছে এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এই বার্তা পেয়েই পুলিশ সতর্ক হয়ে ওঠে এবং বিজয়ের বাসভবনের নিরাপত্তা আরও বাড়ানো হয়। বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।

উল্লেখ্য, শনিবার রাতে করুরে তার রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রচারসভায় পদপিষ্টের ঘটনার পরই বিজয় করুর ছেড়ে চেন্নাইয়ে চলে আসেন। এর পর থেকেই তার বাসভবনের নিরাপত্তা কঠোর করা হয়। বোমার হুমকি আসায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

টিভিকে-র এক সূত্র ইন্ডিয়া টুডেকে জানান, করুরের দুর্ঘটনায় দলীয় প্রধান বিজয় অত্যন্ত ব্যথিত ও শোকাহত। ঘটনার পর থেকে তিনি কিছুই খাননি বলে জানা গেছে। টিভিকে পক্ষ থেকে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে, যাতে সিবিআই তদন্ত বা আদালতের নজরদারির ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকে। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও অভিযোগ জানানো হয়েছে।

করুর প্রশাসনের পক্ষ থেকে টিভিকে নেতাদের ঘটনাস্থল পরিদর্শনে না আসার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ তাতে পরিস্থিতি আরও বিগড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। টিভিকে সূত্রে জানা গেছে, করুরের সরকারি হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করার এবং মৃতদের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ও পরিকল্পনা ছিল বিজয় ও দলীয় নেতাদের। কিন্তু প্রশাসনিক নির্দেশে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন তারা।

প্রসঙ্গত, শনিবার করুরে টিভিকে-র প্রচারসভায় ঘটে যাওয়া পদপিষ্টের দুর্ঘটনায় ১০ শিশুসহ মোট ৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত