খুলনা মহানগরীর গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, উচ্চশিক্ষার পথ সুগম করা ও বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত উন্নয়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। কিন্তু দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগিয়ে থাকলেও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা আবাসন সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমরা এইসকল সমস্যার দ্রুত সমাধান চাই।
নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটি অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো যৌক্তিক দাবির আন্দোলনে পাশে থেকে যথাসাধ্য ভূমিকা পালন করবো।
বক্তারা গল্লামারী লিনিয়ার পার্কটি অতিদ্রুত খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করা, গল্লামারী বধ্যভূমি খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় আনা, শিক্ষার্থীদের আবাসন সংকট দ্রুত নিরসন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং অতি দ্রুততার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণ, বিশ্ববিদ্যালয়ে যুগপোযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু ও নতুন নতুন ফ্যাকাল্টি সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত উন্নয়নে অধিক পরিমাণে অর্থ বরাদ্দসহ খুলনা বিশ্ববিদ্যালয়কে সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গল্লামারী মৎস্য বীজ খামারটি দ্রুততম সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের আওতায় অধিগ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়িত না হলে প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন কর্মসূচিতে খুলনার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে বিরাট গণজমায়েতে রূপান্তরিত হয়।
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সিনিয়র সহসভাপতি নিজাম উর রহমান লালুর সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।
বক্তৃতা করেন খুলনা মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মো. মাহফুজুর রহমান, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা মহানগর শাখার প্রধান সংগঠক আহম্মদ হামীম রাহাত, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি মিনা আজিজুর রহমান, অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, মো. জামাল মোড়ল প্রমুখ। মানববন্ধন কর্মসূচিতে খুলনার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয় ও গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকারী কর্মকর্তা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পর্যালোচনা ও সুপারিশ প্রদান কমিটির প্রধান অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবিরের নিকট স্মারকলিপি প্রদান করেন।
এ সময় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মীর্জা মোহাম্মদ আলী রেজা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাসানুজ্জামান, উপ সচিব শাহাদাত খন্দকার, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. মো. হারুন অর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত, এফ এম আর টি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
