মসজিদ নিয়ে কটূক্তি, তোপের মুখে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ এএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক ইউনিয়ন বিএনপি নেতাকে মসজিদ ও মুসল্লিদের বিরুদ্ধে কটূক্তির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে হরিপুরের ডাংগীপাড়া ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠন যুবদলের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসর ও মাগরিবের নামাজের সময় বিরতি দেওয়া হলেও ইশার নামাজের সময় সভাটি চলতে থাকে। এ সময় সভার আয়োজকরা স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়।

পরদিন সকালে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক যুবদল নেতা ফেসবুকে এ ঘটনায় প্রতিবাদ জানালে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক একটি অবমাননাকর মন্তব্য করেন। তিনি মসজিদটিকে ‌‌‘জঙ্গি সংগঠনের’ সঙ্গে তুলনা ধরেন। তার এ মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মসজিদে নামাজ যথাসময়েই আদায় হয়। মুসল্লিদের নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার জেরে সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় চেয়ারম্যান শান্ত থাকার আহ্বান জানান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এরপর বুধবার (১ অক্টোবর) জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এক বিজ্ঞপ্তির মাধ্যমে রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত