ফিলিপাইনে ভূমিকম্পে পানি বিদ্যুতের তীব্র সংকট, মৃত্যু বেড়ে ৭২

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ এএম

ফিলিপাইনে মঙ্গলবার রাতে আঘাত হানা ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স সংস্থা।

ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে সিভিল ডিফেন্স জানায়, ভূমিকম্পে আহত হয়েছেন আরও ২৯৪ জন।

বুধবারের হিসাবের তুলনায় মৃতের সংখ্যা তিনজন বেড়েছে। সব মৃত্যুই ঘটেছে মধ্য ভিসায়াস অঞ্চলে। অগভীর এই ভূমিকম্পটি মধ্যাঞ্চলের সেবু দ্বীপের উপকূলে রাতে আঘাত হানে। এতে বিদ্যুৎ লাইন, সেতু এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়।

সেবুর এই ভূমিকম্পটি ২০১৩ সালের পর দেশটির সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প। তখন প্রতিবেশী বোহোল দ্বীপে ৭.২ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ২২২ জন নিহত হয়েছিল।

এদিকে প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যরা সরাসরি ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।

রয়টার্স জানায়, ফিলিপিন্সের অন্যতম পর্যটনকেন্দ্র সেবুতে ৩৪ লাখ মানুষ বসবাস করে। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হচ্ছে সান রেমিজিও। এই শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শহরের সহকারী মেয়র আলফি রেইনেস জানান, বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ নেই, আর পানির সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকটে পড়েছে মানুষ।

এই পরিস্থিতিতে খাদ্য, পানি ও ভারী যন্ত্রপাতি দিয়ে জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রতিবছর ৮০০-রও বেশি ভূমিকম্প হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত