চিকিৎসা শেষে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি এখন সুস্থ হয়ে উঠেছেন এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছেন।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তার ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
নুরুল হক নুরের দেশে ফেরাকে ঘিরে দলের নেতাকর্মীরা উৎফুল্ল। তাদের ধারণা, তিনি ফিরে আবারও জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তার ফেরার পর এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে তারা মনে করছেন।
দীর্ঘ ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে নুরুল হক নুর সেখানে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর তিনি চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিকস ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে পুলিশের লাঠিচার্জেও তিনি আহত হন। প্রাথমিকভাবে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
