নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয় তাহলে কোন মামলা করব না। বৃহস্পতিবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ কথা জানিয়েছেন।
মাহমুদুর রহমান মান্নার স্ট্যাটাসের স্ক্রিনশট শেয়ার দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লিখেছে, অবশেষে এনসিপির শাপলা প্রতীক পেতে আর কোন আইনি এবং রাজনৈতিক কোন বাধাই অবশিষ্ট রইলো না। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দিতে প্রথমে যখন আইনি বাধা দেখালো তখন এনসিপির লিগ্যাল উইং হাতে-কলমে ধরে ধরে বুঝিয়েছে যে এনসিপি'র শাপলা প্রতীক পেতে কোন আইনি বাঁধা নেই। তখন নির্বাচন কমিশন হাজির করলো রাজনৈতিক বাঁধা রয়েছে। এনসিপি বললো কী সেটা? তারা জবাবে বললো শাপলা প্রতীক আপনাদের আগে নাগরিক ঐক্য চেয়েছে। তাই শাপলা দিলে তাদেরকেই দিতে হবে।
এনসিপির প্রেস উইং আর লিখেছে, কিন্তু আজ যখন নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়ে দিলেন, এনসিপিকে শাপলা দিলে তাদের দল থেকে কোন মামলা করা হবে না। তখন নির্বাচন কমিশন যে রাজনৈতিক বাধার কথা বলেছিল সেটিও আর থাকছে না। অর্থাৎ, শাপলা পেতে আইনি এবং রাজনৈতিক কোন প্রতিবন্ধকতাই নেই।
দলটি জানিয়েছে, আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলতে চাই আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনাদের নিরপেক্ষতা বজায় রাখুন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন, দলীয় প্রভাব থেকে হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে উঠুন।
