পাঁচ বছর পর আবারও শুরু ভারত-চীন সরাসরি বিমান চলাচল

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ পিএম

প্রায় পাঁচ বছর বিরতির পর ২৬ অক্টোবর থেকে ভারত ও চীনের মধ্যে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হতে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, দুই দেশ কয়েকটি নির্দিষ্ট শহরের মধ্যে ফ্লাইট চলাচল আবারও চালুর ব্যাপারে একমত হয়েছে। এই ব্যবস্থা ২০২৫ সালের শীতকালীন ফ্লাইট সূচি অনুসারে কার্যকর হবে, যা ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তবে, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দুই দেশের মনোনীত বিমান সংস্থাগুলোকে বাণিজ্যিক ও কারিগরি বিভিন্ন শর্ত পূরণ করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই চুক্তি দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

এই ঘোষণার পরই ইন্ডিগো এয়ারলাইন্স জানায়, তারা ২৬ অক্টোবর থেকেই কলকাতা থেকে চীনের গুয়াংজু রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এছাড়া দিল্লি থেকে গুয়াংজু রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা তাদের রয়েছে।

ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার অ্যালবার্স বলেন, ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত। এটি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাবের কারণে ভারত চীনের সঙ্গে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়।

পরবর্তীতে বিশেষ ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে কিছু আন্তর্জাতিক রুট চালু করা হলেও ভারত-চীন সরাসরি ফ্লাইট সার্ভিস আর চালু হয়নি। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ-পরবর্তী দ্বিপক্ষীয় উত্তেজনাও এই বিরতির একটি বড় কারণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত