১৯৭১ সালের পর থেকে কোনো রাজনৈতিক দল ইসলামকে ধারণ করেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করীম বলেন, কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠন করতে পারলে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন সফল হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, তাই বাংলাদেশ আর ভারত বা আমেরিকার গোলামী করতে চায় না।
তিনি আরও অভিযোগ করেন, ভারত এখনও বাংলাদেশের ওপর আধিপত্য প্রতিষ্ঠার কূটকৌশল চালিয়ে যাচ্ছে।
ফয়জুল করিম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, এদেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য। ৪৭ এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ৭১-এ দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে ৪৭-এ। যার কারণে লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি আমরা। ৭১ পরবর্তী যারাই এদেশ শাসন করেছে, তারা কেউই ইসলামকে বাস্তবায়নের চিন্তা করেনি।
তিনি আরও বলেন, ২৪ পরবর্তী সময়ে আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। এর বাইরে মুক্তি সম্ভব নয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, আজকে যারা ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানদের চেতনাকে ধ্বংস করতে পারলে এই দেশে মুসলমানদের স্বাধীনতা থাকবে না।
