সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রবিবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ব্রেকফাস্ট বৈঠক করেছেন।

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত আমিরের সুস্বাস্থ্য কামনা করেন। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, দুই দেশের মধ্যকার বিনিয়োগ ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

উভয় পক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন এবং এখানে বিনিয়োগ বৃদ্ধির আশা প্রকাশ করেন।

বৈঠকে রাষ্ট্রদূতের সঙ্গে হেড অব পলিটিক্যাল ইকোনমিক ও কমিউনিকেশন অ্যাফেয়ার্স আলবের্তো জিওভানেত্তি এবং সিনিয়র পলিটিক্যাল, ইকোনমিক ও প্রেস অফিসার খালেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আমিরের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত