ফের বাবা হলেন আরবাজ খান

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১১:২৯ পিএম

বলিউড তারকা সালমান খানের বাড়িতে আবার খুশির আমেজ। এই সুপারস্টারের ভাই অভিনেতা ও প্রযোজক আরবাজ খান আবার বাবা হলেন। গতকাল রবিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আরবাজের স্ত্রী সুরা খান। জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন। খুশির খবর প্রকাশ্যে আসতেই দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। আগের দিন শনিবার আরবাজ খান তার স্ত্রী সুরাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করেন, যেখানে সুরা সন্তান প্রসব করেন। ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের বিবাহিত জীবনের বেশ কিছুটা সময় পার হওয়ার পর এই দম্পতি এবার তাদের প্রথম সন্তানের জন্ম দিলেন। সম্প্রতি সুরা খানের সাধের অনুষ্ঠানে পুরো খান পরিবার উপস্থিত ছিলেন। পরিবারের লোকজন ছাড়াও বেশ কয়েকজন বলিউড এবং টেলিভিশন তারকাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সাধের জন্য সুরা খান একটি লম্বা হলুদ পোশাক পরেছিলেন। অনুষ্ঠানে সুরার বেবি বাম্প দেখাচ্ছিল।

সুরা খান একজন বিখ্যাত বলিউড মেকআপ শিল্পী। ২০১৭ সালে মালাইকা অরোরার সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ২০২৩ সালে ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ধুমধাম করে পালন করা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের এক বছর পরই নতুন সদস্যের আগমনের কথা জানান এই তারকা দম্পতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত