লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ রক্ষণে অবদান রাখতে পারছেন না। বিষয়টি বেশ ছোট হলেও তা দলের জন্য গুরুত্বপূর্ণ সমস্যায় পরিণত হচ্ছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষক ড্যানি মারফি। বিশেষ করে বড় দলের বিপক্ষে এই ঘাটতি আরও বেশি চোখে পড়ছে।
কোচ আর্নে স্লট হয়তো সালাহকে রক্ষণে মনোযোগ দিতে বলেননি, কারণ আক্রমণে থেকেই তিনি বিশ্বের অন্যতম সেরা গোলদাতা হয়েছেন। তবে সমস্যা হচ্ছে, তার পেছনের খেলোয়াড়রা সঠিকভাবে কভার করতে পারছেন না। এর ফলে ডান প্রান্তে জেরেমি ফ্রিমপং, কনর ব্র্যাডলি বা ডমিনিক সোবোস্লাই- যারাই খেলছেন, সবাই পড়েছেন এই সমস্যায়।
বিশ্লেষকদের মতে, চেলসির বিপক্ষে সর্বশেষ ম্যাচে এই দুর্বলতাই নির্ণায়ক হয়ে দাঁড়ায়, যা থেকে আসে জয়সূচক গোল। আশঙ্কা করা হচ্ছে, অন্য দলগুলোও এখন এই ফাঁকফোকরকে কাজে লাগাতে পারে।
বিবিসি স্পোর্টসে ড্যানি মারফি লিখেছেন, স্লট ইচ্ছে করেই সালাহকে রক্ষণে নামতে বাধ্য করছেন না এবং তাকে আক্রমণে বেশি শক্তি ব্যয় করার স্বাধীনতা দিচ্ছেন। তবে এর প্রভাব যে দলের রক্ষণে পড়ছে, সেটি এখন স্পষ্ট।
তবে কোচ আর্নে স্লট এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু দেখছেন না। তিনি মনে করেন, পরিস্থিতি মোটেই নিয়ন্ত্রণের বাইরে নয়। তার ভাষায়, 'আমাদের খেলার ধরণ বদলানোর দরকার নেই। শুধু একটু বেশি ধৈর্যশীল ও শান্ত হতে হবে।' তিনি বিশ্বাস করেন, প্রাক-মৌসুমে অনুপস্থিত ইসাক, ম্যাক অ্যালিস্টার, ব্র্যাডলিরা ফিট হয়ে উঠলে দল আবার ছন্দে ফিরবে।
বর্তমানে লিভারপুল শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে রয়েছে, যা স্লটকে আশাবাদী করে তুলছে। তিনি বলেন, 'দলে এখনো পুনর্গঠনের সময় চলছে। পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া গড়ে তুলতে সময় লাগে, তবে আমি নিশ্চিত আমরা উন্নতি করব। এই মৌসুমে যা লিভারপুলের সঙ্গে ঘটছে, সেটি আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গেও ঘটতে পারে। তাই আতঙ্কের কিছু নেই।'
পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন আজ
জাকের আলী মহাখুশি, সবচেয়ে খুশি ফিল্ডিং নিয়ে