রুক্মিণীর প্রশংসিত উদ্যোগ

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০২:০৭ পিএম

ভয়াবহ বন্যার কবলে পড়ে ভারতের উত্তরবঙ্গের অবস্থা এখন রীতিমতো শোচনীয়। নদী উপচে প্লাবিত হয়েছে রাস্তাঘাট। যোগাযোগব্যবস্থাও হয়ে পড়েছে নাজুক। আটকা পড়েছেন বহু পর্যটক। মানবেতর জীবনযাপন করছেন মানুষজন। এমন করুণ দশায় প্রাণ কেঁদে উঠেছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। নিলেন এক ব্যতিক্রমী পদক্ষেপ। সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মুক্তির কথা ছিল রুক্মিণীর সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’র টিজার। কিন্তু নিজের দেশের একাংশের মানুষজনকে এমন অসহায় অবস্থায় রেখে টিজার উদযাপনে মন সায় দেয়নি নায়িকার। 

শুধু তাই নয় চলচ্চিত্রটির মুক্তির তারিখও পিছিয়ে দেওয়া হয়। গোটা টিমের হয়ে এই ঘোষণা করেন রুক্মিণী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়ার। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামীতে জানিয়ে দেওয়া হবে।’ 

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে ‘মৌন তারকা’দের ভিড়ে রুক্মিণীর এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। অন্যদিকে ইনস্টা স্টোরিতে উত্তরবঙ্গের জন্য প্রার্থনা করেছেন রুক্মিণী প্রেমিক টলিউড তারকা দেব। চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণীকে। এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাঁটি হাঁটি পা পা’। এ ছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা, সৌরভ সমাদ্দারসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত