ক্রিকেট থেকে ককপিট— ‘পাইলট’ ধোনির নতুন ইনিংস শুরু

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৯ এএম

ভারতের সাবেক অধিনায়ক ও দুইবারের বিশ্বকাপজয়ী তারকা মহেন্দ্র সিং ধোনি এখন ড্রোন পাইলট! তিনি চেন্নাইয়ের একটি ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশন (আরপিটিও) থেকে সফলভাবে ড্রোন পাইলট প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সোশ্যাল মিডিয়া ধোনি নিজেই জানিয়েছেন এই নতুন সাফল্যের খবর।

সম্প্রতি ধোনি তার ফেসবুক পেজে জানান, একটি স্বনামধন্য ড্রোন প্রযুক্তি প্রতিষ্ঠানের অধীনে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। ধোনি নিজেও সেই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিনিয়োগকারী। ৪৩ বছর বয়সী এই কিংবদন্তি ক্রিকেটার তত্ত্বীয় ও ব্যবহারিক দুই ধাপেরই প্রশিক্ষণ নিয়েছেন। সিমুলেটর ও বাস্তব ড্রোন উড়ানোর হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছেন। প্রশিক্ষণ শেষে ধোনি এখন আনুষ্ঠানিকভাবে সার্টিফাইড ড্রোন পাইলট।

ধোনির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ভারতের অন্যতম শীর্ষ ড্রোন কোম্পানি, যা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ৩০০টিরও বেশি সেন্টার অব এক্সেলেন্স পরিচালনা করছে। ইতিমধ্যে তারা ২৫০০-এর বেশি ড্রোন পাইলট প্রশিক্ষিত করেছে। কোম্পানিটি ভারতের প্রথম স্টার্টআপ হিসেবে ড্রোন ম্যানুফ্যাকচারিং এবং পাইলট ট্রেনিং—দুই ক্ষেত্রেই ডিজিসিএ সার্টিফিকেশন পেয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম উদ্যোগ ‘ট্রেইন দ্য ট্রেইনার’, যার মাধ্যমে নতুন প্রশিক্ষক তৈরি করা হয় যাতে ভবিষ্যতের ড্রোন পাইলটদের প্রশিক্ষণ দেওয়া যায়। বর্তমানে তাদের ব্যবসা ২৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ধোনির আইপিএল খেলা নিয়ে এখনো সন্দেহ আছে। তবে তার প্রযুক্তির দুনিয়ায় প্রবেশ যেন বলে দিচ্ছে- শেখার কোনো শেষ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত