আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে ১০ গ্রামের তরুণদের শপথ

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০২:০৩ পিএম

‘আমরা আমাদের গ্রামকে মাদকমুক্ত রাখব’ এই শপথে একত্রিত হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের ১০ গ্রামের তরুণ ও যুবকরা। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দুর করতে তারা গড়ে তুলেছেন এক ভিন্নধর্মী সামাজিক আন্দোলন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় হাইজাদী ইউনিয়নের সরাবদী গ্রামের মসজিদের সামনে আশপাশের ১০ গ্রামের যুবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মতবিনিময় সভা। সভা শুরু হয় বিকাল ৪টায় হয়ে চলে রাত পর্যন্ত।

সভায় উপজেলার হাইজাদী ইউনিয়নের উদয়দী, বারআনী, আতাদী, সরাবদী, রাইনাদী, দরিয়াবাদ, বড়ইকান্দী, পাড়ামনোহরদী, ধন্দী ও মুন্সীপুর এই ১০ গ্রামের যুবক ও তরুণসহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রতিটি গ্রাম থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির উদ্যোগে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন স্থানীয় সুলতানসাদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মঞ্জুর মিয়া।

ওই এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম সজীব বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তাই মাদক নিয়ন্ত্রণের শুরু হতে হবে পরিবার থেকেই সন্তান কোথায় যায়, কার সঙ্গে মিশে, কী করে এসব বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

তরুণদের আহ্বান জানিয়ে সভাপতি মুঞ্জুর হোসেন বলেন, আমরা মাদকাসক্তদের ঘৃণা নয়, বরং পুনর্বাসনের মাধ্যমে ফিরিয়ে আনতে চাই। সমাজের সব মানুষকেই এই কাজে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, শুধু সভা নয়, প্রতিটি গ্রামে যুবকদের নেতৃত্বে মাদকবিরোধী প্রচারণা, দেয়াল পোস্টার, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হবে।

শেষে উপস্থিত সব তরুণ এক কণ্ঠে শপথ নেন ‘আমরা ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে লড়ব, নিজেদের গ্রামকে মাদকমুক্ত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করব ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত