জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন অমিতাভ বচ্চন

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম

নিজের ৮৩ তম জন্মদিনে আজ (১১ অক্টোবর)  ভক্তদের উচ্ছ্বাস, সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। নিজের কারিশমায় ভারতীয় সিনেমায় অমিতাভ প্রতিষ্ঠা করেছেন ‘বচ্চন যুগ’। তার ব্যারিটন আওয়াজকে এখনও টেক্কা দিতে পারেননি কেউই। শনিবার অমিতাভের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলোর স্মৃতিতে ডুব দেন বাংলার প্রশাসনিক প্রধান। 

X হ্যান্ডেলে মমতা অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সুস্থ থাকুন। সুখসমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। ১৯৮৪ সালে প্রথমবার সংসদের সদস্য হই দু’জনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তারা।’ 

১৯৪২ সালের এই দিনে জন্মগ্রহন করা অমিতাভ বচ্চন এখন বলিউডের শাহেনশাহ হলেও,ক্যারিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না তার। কলকাতা শহরে পা দিয়ে ছোটোখাটো চাকরি করতেন। রাশভারী আওয়াজের মালিক হওয়ার চেষ্টা করেছিলেন রেডিওতেও। কিন্তু ব্যর্থ হন তিনি। অতিরিক্ত ভারী আওয়াজ হওয়ার কারণে বেতারে কাজ জোটেনি। ঠিক সেই সময়ে পরিচালক মৃণাল সেনের নজরে পড়েন। অমিতাভের আওয়াজকে মৃণাল সেন ব্যবহার করেন তার ছবি ‘ভুবন সোমে’। 

সেই থেকেই সিনেমায় সূত্রধর হওয়া শুরু। তবে শুধু আওয়াজে নয়, দীঘল চেহারার অমিতাভ সিনেপর্দায় পা দেওয়া মাত্রই নতুন স্ট্রাগল শুরু। প্রথম ছবি ‘সাত হিন্দুস্থানি’। কেরিয়ারের গোড়ায় একাধিক ছবি ফ্লপ করে। ভাগ্য ফেরে ‘দিওয়ার’, ‘জঞ্জির’ থেকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পায় ‘অ্যাংরি ইয়ংম্যান’। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অমিতাভ মানেই বক্স অফিস সুপারহিট। রীতিমতো ইতিহাস তৈরি করতে শুরু করেন বলিউডের ‘বিগ বি’। ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘শোলে’, ‘শরাবি’, ‘নমকহালাল’, ‘ইয়ারানা’, ‘মর্দ’, একের পর এক মাইলস্টোন ছবি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত