অনলাইন জুয়ায় হেরে কীটনাশক সেবনে পোশাক শ্রমিকের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে গোপনে নয়ত উন্মক্ত ভাবেই চলথে অনলাইন জুয়ার আগ্রাসন। প্রতিদিন লাখ লাখ টাকা খোয়াচ্ছেন বিভিন্ন বয়সের অনলাইন জুয়াড়িরা। পথেঘাটে দোকাপাটে তাদের দেখা মিলে। অনলাইন জুয়াকে কেন্দ্র করে বাড়ছে সামাজিক অপরাধ।

এমনই এক তরুণ অনলাইন জুয়ায় হেরে আবাদি জমির ঘাস নিধনের কীটনাশক (ওষুধ) সেবন করে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার রাতে তিনি কিটনাশক সেবন করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মধ্যরাতে হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি পোশায় পোশাক শ্রমিক ছিলেন।

নিহত পোশাক শ্রমিকের নাম মাহমুদুল হাসান (২২)। তিনি দক্ষিণ ভাঙনাহাটি ফালু মার্কেট সংলগ্ন এলাকায় নানা বাড়িতে থাকতেন। সেখানে থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তিনি ময়মনসিংহের পাগলা থানার মশাখালী ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের রইস উদ্দীনের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জানান গত মঙ্গলবার গার্মেন্ট থেকে সেপ্টেম্বর মাসের বেতন তুলেন মাহমুদুল। এর পর রাতেই অনলাইন জুয়া ক্যাসিনো খেলতে বসে। পরে জুয়ায় সব টাকা হেরে যান। এরপর থেকে সে মানসিক ভাবে ভেঙে পড়েন। বিভিন্ন দোকান বাকি ও পাওনাদারের চাপ বাড়তে থাকে। একপর্যায়ে বাড়িতে থাকা আবাদি জমির ঘাস নিধনের কীটনাশক ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে পুশ করান তিনি।

পরে বাড়ির লোকজন টের পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চার দিন থাকার পর শনিবার রাতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা আরও জানান এখন অনেক পোশাক শ্রমিক বেতন পেয়েই জুয়া খেলায় মেতে উঠেন। অনেকে মোবাইলে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। টাকা পয়সা হেরে পারিবারিক অশান্তিতে জড়ায় তারা। এ নিয়ে পরিবারে চলে চরম অশান্তি। অনেক সময় ঘর সংসার ভাঙে। খুন খারাবির মতো ঘটনাও ঘটে। পরিবারে বিচ্ছেদ ঘটে। মাহমুদুলের সংসারও ভেঙেছে জুয়ার থাবায়। স্বামী স্ত্রীর মাঝে এ নিয়ে বিবাধ বাঁধলে ছাড়াছাড়ি হয়ে যায়। তারা বলেন এ আগ্রাসন রোধ করা দরকার। আইনশৃঙ্খলা বাহিনী আরও তৎপর হওয়া দরকার। না হলে জুয়ারিদের দৌরাত্ম আরও বাড়বে। সমাজে এর নেতিবাচক প্রভার পড়বে।

নিহতের মামা মাসুদ মীর বলেন, মাহমুদুল হাসান অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। এর আগেও জুয়া খেলে দেড় লাখ টাকা হেরেছেন। গত মঙ্গলবার বেতন পেয়ে পুনরায় অনলাইনে জুয়া খেলে বেতনের টাকা হেরে দিশেহারা হয়ে গিয়ে নিজের শরীরে ইনজেকশনের মাধ্যমে কীটনাশক পুশ করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক বলেন, এমন একটি ঘটনা শুনেছি। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত