জানালেন আমান

দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০৪ পিএম

দেশে ফিরে তারেক রহমান নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে এই নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং নির্বাচনের প্রচারণায় তিনিই থাকবেন, তিনিই নেতৃত্ব দেবেন।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন নিয়ে একটি দল ষড়যন্ত্র ও চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার সময় যাদের বিতর্কিত ভূমিকা ছিল, তারা আজ পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন বানচাল করা যাবে না।

আমান উল্লাহ আমান বলেন, আজকে বিভিন্ন জায়গায় নির্বাচনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং বিশেষ সময়ে বিশেষ বক্তব্য রেখে বিএনপিকে কটাক্ষের চেষ্টা করা হচ্ছে। আপনারা দীর্ঘ ১৬ বছরের আন্দোলন দেখেছেন— স্বৈরাচারবিরোধী, এরশাদবিরোধী আন্দোলন দেখেছেন— জিয়া পরিবার সব সময় জনগণের পাশে ছিল, জনগণের পাশে ছিল বিএনপি।

জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ডেমোক্র্যাটিক লীগের উদ্যোগে দলটির প্রয়াত নেতা সাইফুদ্দিন আহমেদ মনির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের সহ-সভাপতি মাহবুব আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।

সভায় আরও বক্তব্য দেন ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির খায়রুল কবির খোকন, সাম্যবাদী দলের সৈয়দ নুরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী এবং গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটসের আহ্বায়ক ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম লিটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত