ডা. তাহের

নভেম্বরে গণভোট চায় জামায়াত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পিএম

জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে সমস্যা সৃষ্টি হবে। এ কারণে জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী।

আজ সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, বৈঠকে পিআর (সংখ্যানুপাতিক নির্বাচন) নিয়ে কথা বলেছি। বর্তমান পদ্ধতিতে ৫৪ বছরে নির্বাচনকে সুষ্ঠু করেনি। এতে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুটি পদ্ধতির প্রস্তুতির কথা বলেছি।

জামায়াতের এই নেতা বলেন, গণভোট নিয়ে দুটি আলোচনা আছে। সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে। আমরা বলেছি আলাদা করার জন্য যেহেতু আলাদা বিষয়। যদি আলাদাভাবে হয় এটার জন্য প্রস্তুতি যেন রাখে।

তিনি আরও বলেন, সমস্যা যেটা হবে প্রত্যেকে জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়েই মনোযোগ দেবে। কাজেই ওটা প্রাধান্য পাবে না। আরেকটা বিষয় হচ্ছে কোথাও ভোট দখল হলে ওটাও দখল হবে। আমরা আলাদাভাবে করার প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। একসঙ্গে হলে সময়ের বিষয়ও আছে। উনারা বলেছেন সরকার যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা বাস্তবায়ন করবো।

এর আগে সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।

এতে জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত