ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:১৬ পিএম

গেল মে মাসের শেষ দিকে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল খেলেছে চারটি ম্যাচ। যার দুটিতে জয়, একটি করে ড্র ও হার। বিশ্বকাপে খেলা নিশ্চিত করা ব্রাজিল এখন আছে এশিয়া সফরে। প্রথম প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে দুর্দান্ত ব্রাজিলের দেখা মিলেছে। এবার জাপানের মুখোমুখি হওয়ার আগে আনচেলত্তি বললেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ইতিহাস গড়তে চান আনচেলত্তি।

পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। যার সবশেষটি ২০০২ সালে। আনচেলত্তি সেলেসাওদের বিশ্বকাপ জেতাতে পারলে ইতিহাসই গড়বেন। কারণ, ব্রাজিল কখনো বিদেশি কোচের অধিনে বিশ্বকাপ জেতেনি। এবার ছয় দশক পর প্রথমবারের মতো বিদেশি কোচ পেয়েছে ব্রাজিল।

আনচেলোত্তি বলেন, 'আমার লক্ষ্য হলো ব্রাজিল জাতীয় দলের জন্য সর্বোচ্চটা দেওয়া, খেলোয়াড়দের সেরা খেলাটা খেলানো, এবং বিশ্বকাপ জেতা। হ্যাঁ, এখনও কোনো বিদেশি কোচ বিশ্বকাপ জেতেনি। কিন্তু জীবনে সব কিছুরই তো একটা প্রথমবার আছে।'

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলেছেন ১৮ বছর বয়সী এস্তেভাও, জোড়া গোল করেন তিনি। রিয়াল মাদ্রিদের জুটি রদ্রিগো (২টি) ও ভিনিসিয়ুস জুনিয়র (১টি) গোল করেন। ব্রাজিল সমর্থকেরা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দেখে বলছেন, জোগো বোনিতোর প্রত্যাবর্তন হয়েছে। 'ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সুন্দর ফুটবল খেলার দক্ষতা আছে, কিন্তু 'সুন্দর ফুটবল' বলতে আমরা কী বুঝি, সেটা গুরুত্বপূর্ণ। ব্রাজিলিয়ান খেলোয়াড়দের মধ্যে দারুণ ব্যক্তিগত গুণাবলি আছে। কিন্তু ফুটবলে শুধু সুন্দর খেলা নয়, দলীয় সমন্বয় ও বল ছাড়াও মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ।'

২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচগুলোতে দল নিয়ে পরীক্ষা চালাবেন আনচেলত্তি। তবে ২০২৬'র মার্চের উইন্ডোতে খেলা দলটি বিশ্বকাপের দল হবে বলে আভাস দেন তিনি। 'আমাদের এখনো কিছু বিষয় যাচাই করতে হবে। নভেম্বরের ফিফা উইন্ডো পর্যন্ত আমরা নতুন কিছু কৌশল ও খেলোয়াড় পরীক্ষা করবো। মার্চের ফিফা আন্তর্জাতিক তারিখে যে দল মাঠে নামবে, সেটিই হতে পারে বিশ্বকাপ স্কোয়াডের মূল।'

জাপান এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে তারা গেল মার্চে। বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে তৃতীয় রাউন্ডে 'সি' গ্রুপে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিল জাপান। এখন পর্যন্ত ১৩ দেখায় ব্রাজিলকে কখনো হারাতে পারেনি জাপান। ব্রাজিল জিতেছে ১১ ম্যাচে, ২টি ড্র হয়।

ব্রাজিল ও জাপানের ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত