কর্ণফুলীতে অপহরণের এক ঘণ্টার মধ্যেই শিশু উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের তৎপরতায় অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যেই এক শিশুকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সৈন্যারটেক আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাইদুল ইসলাম সাইম (১৩)–কে কৌশলে অপহরণ করে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম শহরে। 

সেখানে কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল ছোবাহানে অবস্থান নেয় অপহরণকারী আল হাসান (২৫)। পরে তিনি শিশুটির পরিবারের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করেন।

ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশের একটি চৌকস দল তথ্য–প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই হোটেল ছোবাহানের সামনে থেকে শিশুটিকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করে।

অভিযানে অপহরণকারীর কাছ থেকে মুক্তিপণের ৫ হাজার টাকার মধ্যে ৩ হাজার ৭৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অপহৃত সাইদুল ইসলাম সাইম উপজেলার শিকলবাহা এলাকার বাসিন্দা মো. মোজ্জামেল হকের ছেলে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত