এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ ব্লকেডের হুঁশিয়ারি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২:৩১ পিএম

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ তিন দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। তারা জানিয়েছেন, আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে তাদের দাবি অনুযায়ী প্রজ্ঞাপন না এলে তারা এ কর্মসূচি পালন করবেন।

মঙ্গলবার রাতে হাইকোর্টের সামনে থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ ঘোষণা দেন। তিনি সতর্ক করে দেন যে, প্রজ্ঞাপন না আসলে শাহবাগ ব্লকেড করা হবে। এছাড়াও যমুনা অভিমুখে পদযাত্রা, আমরণ অনশনসহ আরও কঠোর কর্মসূচি আসতে পারে।

বুধবার সকাল থেকে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। ‘বেতন বৈষম্য দূর করো’, ‘শিক্ষকের মর্যাদা রক্ষা করো’-এমন নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তারা তাদের অবস্থান জানান।

আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত হচ্ছে। সরকার দাবিগুলো আমলে নিচ্ছে না বলেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন। তারা সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলে সতর্ক করেন যে, এই সহযোগিতাকে দুর্বলতা ভাবলে তারা দাবি আদায় না করে সড়ক ছাড়বেন না। পুলিশি বাধার হুমকি দেয়া হলে তার মোকাবিলা করা হবে বলেও জানান তারা।

শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে-মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা, মাসিক ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।

গতকাল মঙ্গলবার বিকেলে শিক্ষকরা সচিবালয়ের দিকে লং মার্চ শুরু করলে পুলিশ বাধা দেয়। পরে তারা হাইকোর্টের সামনে অবস্থান নেন, যার কারণে প্রেস ক্লাব ও আশপাশের সড়কে যানজট সৃষ্টি হয়। রাত আটটার দিকে তারা শহীদ মিনারে ফিরে আসেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত