পাসের হারে মেয়েরা এগিয়ে, ছেলেরা পিছিয়ে

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪৫ এএম

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি, উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই বছর নিয়ে টানা ১৬ বছর ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এবং টানা পঞ্চমবারের মতো জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রইল।

১১টি শিক্ষাবোর্ডের (সাধারণ, মাদ্রাসা ও কারিগরি) সম্মিলিত ফলাফলে মোট পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ।

পাসের হার:
মেয়েদের পাসের হার: ৬২.৯৭ শতাংশ।
ছেলেদের পাসের হার: ৫৪.৬০ শতাংশ।

অর্থাৎ, পাসের হারে ছেলেদের চেয়ে ৮.৩৭ শতাংশ বেশি ছাত্রী পাস করেছে।

জিপিএ-৫ প্রাপ্তি:
মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৩৭ হাজার ৪৪ জন মেয়ে এবং ৩২ হাজার ৫৩ জন ছেলে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০১০ সাল থেকেই এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েরা ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে। ২০০৯ সালে শেষবারের মতো ছেলেরা পাসের হারে (৭৪.৮৫%) মেয়েদের (৭৪.৫০%) চেয়ে সামান্য এগিয়ে ছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। 

উল্লেখ্য, এই বছর ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে ফল তৈরি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত