পরপর দুইদিন হ্যান্ডশেক পেল পাকিস্তান, ভারতকে খোঁচা দুই ধারাভাষ্যকারের

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেললেও হ্যান্ডশেক করেনি ভারতের ক্রিকেটাররা- যা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হয়েছিল। এবার দুই দিনের ব্যবধানে দুই খেলায় প্রতিপক্ষের কাছ থেকে করমর্দন ও হাই-ফাইভ পেল পাকিস্তান দল। এই সুযোগে ভারতকে খোঁচা মারতে ছাড়লেন না পাকিস্তানের দুই ধারাভাষ্যকার রমিজ রাজা এবং আমির সোহেল।

প্রথমে পুরুষ জুনিয়র হকিতে ম্যাচ শেষে পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মেলান ভারতের তরুণরা। পরদিন লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে পাকিস্তানের ঐতিহাসিক জয়ের পর একই দৃশ্য দেখা যায় মাঠে। লাহোর টেস্টে পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়ে প্রোটিয়াদের টানা ১০ ম্যাচের জয়ের রেকর্ড থামিয়ে দেয়। কিন্তু এই বিজয়ের আনন্দেও কিছুটা আক্ষেপের ছায়া ছিল।

টেলিভিশন ধারাভাষ্য দিতে গিয়ে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা ও আমির সোহেল ফের টেনে আনেন ভারত প্রসঙ্গ— গত মাসের এশিয়া কাপ বিতর্ক। সে সময় তিনটি ভিন্ন ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যা দুই দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক উত্তেজনা তৈরি করেছিল। এর জেরে ভারতকে এশিয়া কাপের ট্রফি পর্যন্ত দেননি এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি।

এবার লাহোরে ম্যাচ শেষে দুই দলের করমর্দনের সময় ধারাভাষ্যকার আমির সোহেল বলছিলেন, ‘দুই দলের খেলোয়াড়দের করমর্দন করতে দেখা সত্যিই ভালো লাগছে। এটা এখন যেন হারিয়ে যাচ্ছে।’ তার কথার সুর ধরে রমিজ রাজা যোগ করেন, ‘এটা কেবল হারিয়ে যাচ্ছে না, অনেক সময় নিয়ন্ত্রণেরও বাইরে চলে যাচ্ছে। ক্রিকেটে ভদ্রতা ও সম্মানের ঐতিহ্যটা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত