চট্টগ্রাম ইপিজেড কারখানা

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৩২ পিএম

চট্টগ্রাম নগরের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগে। তবে পাঁচ ঘণ্টা পার হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে তাদের ১৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনী। এ পর্যন্ত ২০-২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানান, আটতলা ভবনটির ষষ্ঠ, সপ্তম ও অষ্টম তলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। দ্রুত আগুন নেভানের সব ধরনের সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজে যোগ দিয়েছে।

আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি জানিয়ে তিনি বলেন, আগুনের যে অবস্থা, ভেতরে ঢোকা আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তারপরও পাঁচতলা পর্যন্ত আমরা গিয়েছি। সেখানে আমাদের টিম কাজ করছে।

জসিম উদ্দিন বলেন, আমাদের টিম এর মধ্যে অলরেডি ২০-২৫ জনের মতো আমরা রেস্কিউ করেছি। আর কেউ আছে কিনা সেটা আমরা খুঁজে দেখছি। কিন্তু আগুন যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণে আসবে না, ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাবে না। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমরা বিল্ডিংটাকে চতুর্দিকে ঘিরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। যেহেতু এটা টেক্সটাইল কারখানা, এখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত