জুলাই সনদ অনুষ্ঠানে এনসিপি না থাকায় আক্ষেপ আসিফ নজরুলের

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ পিএম

দীর্ঘ আলোচনার পর ‘জুলাই সনদ’ চূড়ান্তভাবে স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূল নেতারা এই অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তিনি আক্ষেপও প্রকাশ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পরপরই তিনি এ প্রতিক্রিয়া জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. আসিফ নজরুল বলেন, খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনার পর আজ একটি বড় অনুষ্ঠান হলো। আজ আমাদের জুলাই সনদের বিষয়বস্তু চূড়ান্ত হলো।

কিন্তু এই গুরুত্বপূর্ণ মুহূর্তে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী এনসিপির ছাত্রনেতারা উপস্থিত না থাকায় তিনি মিশ্র অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা, যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা এখানে থাকত।

ছাত্রনেতাদের না আসার বিষয়ে তিনি বলেন, ওনারা বলেছেন যে আমাদের ঐকমত্য কমিশন আরও ১৫ দিন কাজ করবে। এই সময়ের মধ্যে ওনারা আরও বিভিন্ন বিষয় বিবেচনা করবে। আমি একজনের বক্তব্য দেখেছি, যদি প্রয়োজন পড়ে, তাহলে ওনারা পরেও স্বাক্ষর দিতে পারবে।

সব পক্ষকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশা প্রকাশ করে আইন উপদেষ্টা বলেন, সবাই মিলে করতে পারলে এটা আরও ভালো হতো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত