আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৬

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩০ এএম

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা না যেতেই আফগানিস্তানের পাকতিকা প্রদেশে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে এই হামলায় অন্তত ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

আফগান ও পাকিস্তান সেনাদের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর দুদেশই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে সেই সমঝোতার কিছুক্ষণের মধ্যেই পাকিস্তানের বিমান থেকে বোমা বর্ষণের ঘটনা ঘটায় উত্তেজনা আবারও চরমে উঠেছে।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, হামলাগুলো মূলত পাকতিকার উরগুন ও বারমাল এলাকায় সংঘটিত হয়েছে। আফগান তালেবান সরকারের জাতীয় রেডিও ও টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, পাকিস্তানের বিমান হামলায় নারী ও শিশুসহ একাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। স্থানীয় সূত্রগুলোও জানিয়েছে, পাকিস্তানি ড্রোন আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে।

পাকতিকার কমান্ডিং সেন্টার খামা প্রেসকে জানায়, বিনা উস্কানিতে পাকিস্তান আবারও আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। তাদের দেওয়া তথ্যমতে, হামলায় ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন।

এদিকে, হামলার পর আফগান সেনারা সীমান্ত এলাকায় পাল্টা হামলা শুরু করেছে বলে জানিয়েছেন পাকতিকার সরকারি কর্মকর্তারা। তারা সতর্ক করে বলেছেন, এমন হামলা অব্যাহত থাকলে সংঘাত সীমান্ত পেরিয়ে বিস্তৃত হতে পারে।

এর আগে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ঘোষণা দিয়েছিলেন, উস্কানি না পেলে আফগানিস্তান আর কোনো হামলায় জড়াবে না এবং অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি বহাল থাকবে। কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক আক্রমণে সেই ঘোষণা কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকেরা মনে করছেন, আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক এখন গভীর অবিশ্বাসের জায়গায় এসে ঠেকেছে। দুই দেশের মধ্যে এই অনাস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের।

সূত্র: খামা প্রেস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত