সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় চারটি মামলা হয়েছে। এছাড়া ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে রিমন চন্দ্র বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে শেরেবাংলা থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাগুলো করে। এসব মামলায় প্রায় ৮০০ থেকে ৯০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
তিনি বলেন, গতকালের ঘটনায় মোট চারটি মামলা হয়েছে। এর মধ্যে একটি সংরক্ষিত এলাকায় জোরপূর্বক প্রবেশের অভিযোগে, অপরগুলো পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনায় করা হয়েছে।
গত শুক্রবার জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের একাংশ তিন দফা দাবি নিয়ে উপস্থিত হয়। তাদের দাবির মধ্যে ছিল জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, শহীদ ও আহতদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সুরক্ষা আইন ও দায়মুক্তি প্রদান। একপর্যায়ে নির্ধারিত সময়ের আগেই কয়েক শত জুলাই যোদ্ধা গেট ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের স্থানত্যাগের অনুরোধ জানায়। কিন্তু অনুরোধ অমান্য করায় তর্ক-বিতর্কের মধ্যে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ সদস্যদের মারধর, গাড়ি ভাঙচুর এবং কন্ট্রোল রুমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন পুলিশ সদস্য ও ৩০ জন জুলাই যোদ্ধা আহত হন।
এদিকে, এই ঘটনাকে ‘পুলিশি হামলা’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ। সংগঠনটি তিন দফা দাবি বাস্তবায়ন ও হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার সারা দেশের সড়ক ও মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।
