ফেনীতে দুর্ধর্ষ ডাকাতি, দুই কোটি টাকার মালামাল লুট

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক সুইডেন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো ও নগদ টাকাসহ প্রায় দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছে পরিবারটি।

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে ঘটনাটি ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে আজিজ উল্যা মাস্টারের ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেইটের গ্রিল কেটে ডাকাতদল প্রবেশ করে। পরে লোকজনকে বেঁধে ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ২ কোটি টাকার মালামাল লুটে করে নিয়ে গেছে।

বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে এসেছেন এবং বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার ছোট বোন তার সঙ্গে বসবাস করে। বাবুল মিয়ার স্ত্রী, মেয়ে ও বোনের মিলিয়ে প্রায় ৭০ ভরি স্বর্ণ ডাকাতরা হাতিয়ে নেয়।

ওই রাতে বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না। ডাকাতরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে অবস্থান করা বাবুল মিয়াসহ তার দুই ভাগিনা ও দুই বোনকে বেঁধে ফেলে। বাধাঁ দেওয়ার চেষ্টা করলে তারা তাকে বেধড়ক মারধর করে। সকালে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

স্থানীয়রা জানায়, স্থানীয় ও চিহ্নিত কতিপয় সন্ত্রাসীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত