অস্ট্রেলিয়ায় কোহলি রোহিত আর হ্যান্ডশেক বিতর্ক

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৫ এএম

ডিসেম্বর ২০২০-এ সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ খেলে ভারত। সেই সিরিজে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়া ও ভারতের সবশেষ দেখা হয়েছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। সেই সময় অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। আজ আবারও অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে খেলবে ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথমটি পার্থে। এবার ভারতকে নেতৃত্ব দেবেন শুবমান গিল। স্কোয়াডে আছেন কোহলি, রোহিত দুজনই। ৩৬ বছরের কোহলি আর ৩৮ বছরের রোহিতের এটিই শেষ অস্ট্রেলিয়া সফর তা বলাই যায়। সিরিজ শুরুর আগে তাই আলোচনায় এই দুই ভারতীয় তারকা। তার সঙ্গে যোগ হয়েছে ‘নো হ্যান্ডশেক’ বিতর্ক।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিন দেখাতেই খেলোয়াড়রা হাত মেলাননি। ভারত-পাকিস্তানের খেলোয়াড়দের হাত না মেলানোর কারণটা রাজনৈতিক। তবে অস্ট্রেলিয়াতেও কেন উঠে এলো হ্যান্ডশেক বিতর্ক? অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যম কায়ো স্পোর্টস প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে ভারতের ‘হ্যান্ডশেক না করার নীতি’কে কেন্দ্র করে হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়। অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি, সোফি মলিনিক্স, অ্যালানা কিং ও গ্রেস হ্যারিস এবং পুরুষ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ, জ্যাক-ফ্রেজার ম্যাগার্ক, জশ হ্যাজেলউড ও গ্লেন ম্যাক্সওয়েল ছিলেন সেই ভিডিওতে। এক সঞ্চালক বলতে থাকেন, ‘আমরা জানি ভারত দারুণ এক দল, কিন্তু আমরা আরেকটি বিষয় আবিষ্কার করেছি যে, তাদের একটি দুর্বলতা আছে।’ তখন আরেক সঞ্চালক বলেন ‘আমরা জানি তারা পারস্পরিক প্রথাগত সৌজন্যতা পছন্দ করেন না, যেমন হ্যান্ডশেক। তাহলে ম্যাচ শুরুর আগে তাদের বিভ্রান্ত করে দেওয়া যায় না?’ পরে অজি খেলোয়াড়রা আলোচনা করেন কত অদ্ভুত উপায়ে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ভাব-বিনিময় করা যায়। উদাহরণ হিসেবে তারা দেখান হাত না মেলানোর পরিবর্তে প্রতিপক্ষকে হাতের ইশারায় থামিয়ে দেওয়া, দূর থেকে হাই-ফাইভ দেখানোসহ নানা উদযাপন। অজি ক্রিকেটারদের নিয়ে প্রস্তুতকৃত ওই ভিডিও কোন সময়ের তা অনিশ্চিত বলে উল্লেখ করেছে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’। ওই ভিডিও প্রকাশের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভারতের ক্রিকেটভক্তরা। পড়ে অবশ্য সেই ভিডিও সরিয়ে নেয় কায়ো স্পোর্টস। সংবাদ সম্মেলনে ওই ভিডিও নিয়ে প্রশ্ন করা হলে মিচেল মার্শ বলেন, ‘আমি আসলে বিজ্ঞাপনটি দেখিনি। এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে কি না, তাও জানি না। এ বিষয়ে আমার তেমন কিছু বলার নেই।’

অস্ট্রেলিয়া সফরে ভারত খেলবে তিনটি ওয়ানডে। কোহলি ও রোহিত এখন শুধু এই ফরম্যাটেই আছেন, টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন দুজনই। কোহলি-রোহিতের সামনে আছে বেশ কিছু রেকর্ড গড়ার সুযোগ। আর ৫৪ রান করলে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। আর ৬৭ রান করলে সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) রান সংগ্রহের দিক থেকে শচিনকে ছাড়িয়ে যাবেন কোহলি। রোহিতের সামনে অপেক্ষা করছে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়ার সুযোগ। রোহিত ওয়ানডে ফরম্যাটে ছক্কা হাঁকিয়েছেন ৩৪৪টি, তার সামনে আছেন কেবল পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৫১)। আসন্ন তিন ওয়ানডেতে ছক্কায় আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রোহিতের সামনে। সব ফরম্যাট মিলে ৫০তম সেঞ্চুরি করতে রোহিতের দরকার আর একটি মাত্র সেঞ্চুরি।

কোহলি ও রোহিতকে নিয়ে ভারতের অধিনায়ক গিল বলেন, ‘রোহিত ভাইয়ের সঙ্গে সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। আমার যখন কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমি তাকে বলি। তিনি আমাকে সাহায্য করেন। বিরাট ভাইয়ের সঙ্গেও সম্পর্কটা দারুণ। কোনো দরকার হলে আমি তাদের কাছে যাব এবং জিজ্ঞেস করব আপনারা নেতৃত্বে থাকলে কী করতেন। তারা সবসময়ই পরামর্শ দেন।’

ঐতিহ্যগতভাবে পার্থ স্টেডিয়ামের পিচ পেস বোলারদের স্বর্গরাজ্য। এখানকার গতি এবং বাউন্স ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে। তাই ব্যাটারদের সতর্ক থাকতে হবে। শঙ্কা আছে বৃষ্টির। পার্থের স্থানীয় আবহাওয়া অফিস বলছে ৩৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে সবশেষ দেখায় ভারত হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। আর সবশেষ অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া ওয়ানডে সিরিজটি ২-১ এ জিতেছিল স্বাগতিকরাই। এবার ফলাফল কী হয় সেটি দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত