ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত আনোয়ার আহমেদ নামের এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আনোয়ার আহমেদ (৫২) চট্টগ্রাম মহানগরীর পাশলাইস থানার পূর্ব নাসিরাবাদ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, আনোয়ার আহমেদ দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি স্ত্রীসহ দশদিনের ছুটিতে নিজবাড়ি চট্টগ্রামে যান। শনিবার বিকেলে একাই ঈশ্বরদীর বাসায় ফেরেন। রাত হয়ে গেলেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ না হওয়ায় স্ত্রী রিপা খাতুন পাশের বাড়ির গৃহবধূ সাবিনা ইয়াসমিনকে ফোনে স্বামীর খোঁজ নিতে বলেন। পরে সাবিনা ইয়াসমিন আনোয়ার আহমেদের ঘরে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নুর জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদর পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত