ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসাদ খোকনের বিরুদ্ধে খাস পুকুরের ইজারায় অংশগ্রহনকারীসহ পথচারীদের ওপর হামলার প্রতিবাদ মানববন্ধন হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।
আসাদ খোকন নাসিরনগর উপজেলার বাসিন্দা ও জাতীয় নাগরিক কমিটির ব্রাহ্মণবাড়িয়ার জেলা শাখার সদস্য। তিনি ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বি এম ফরহান হোসেন ওরফে সংগ্রামের ঘনিষ্ঠজন ছিলেন বলে অভিযোগ রয়েছে।
রবিবার দুপুরে স্থানীয় লোকজন উপজেলার ভূমি কার্যালয়ের সামনে জড়ো হন। ভূমি দস্যু আওয়ামী দোসর লেখা ব্যানার নিয়ে এনসিপির নেতা আসানের খোকনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় লোকজন বক্তব্য রাখেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, উপজেলার লক্ষীপুর মৌজার ৯৫০ ও ৯৬৩ দাগের একটি খাস পুকুর রয়েছে। বহু বছর ধরে লক্ষীপুর দারুল কোরআন মাদরাসা, মসজিদ ও কবরস্থানের নামে ইজারা নিয়ে উন্নয়ন কাজে পুকুর দুটি ব্যবহার হয়ে আসছিল।
গত কয়েক মাস আগে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতা আসাদ খোকন পুকুরটি খাস পুকুর অবৈধভাবে দখলের চেষ্টা করে। উপজেলা ভূমি কার্যালয় বিষয়টি জানতে পেরে স্থানীয়দের উন্মুক্ত ইজারা দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু উন্মুক্ত ইজারার খবর জানতে পারেন এনসিপির নেতা আসাদ। পরে তিনি এলাকার স্থানীয়দের ইজারায় অংশ নিতে বারণ করেন। ইজারায় অংশ নিলে এনসিপির নেতা গুলি করে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন।
তারা বলেন, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের চারজন-মনির মিয়া, নাইম মিয়া, উজ্জল মিয়া ও মাসুক মিয়া ইজারায় অংশ নিতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে যান। সেসময় উপজেলা সদরে তাদের ওপর হামলা হয়। এসময় পথচারীও আহত হয়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় মনির মিয়া নাসিরনগর থানায় একটি অভিযোগ করেন।
বুড়িশ্বর ইউনিয় ভূমি উপসহকারী কর্মকর্তা মো. হারুন মিয়া বলেন, খাস খতিয়ানভূক্ত জায়গা। তবে এটি রেকর্ডে পুকুর নয়, পতিত জমি। গত মঙ্গলবার উন্মুক্ত দরপত্রে অংশ নিতে আসা কয়েকজনকে উপজেলা শহিদ মিনারের সামনে মারধর করা হয়। কে বা কারা মারধর করেছে তা জানি না। পরে এসিল্যান্ড স্যার উন্মুক্ত দরপত্রের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপি নেতা আসাদ খোকন বলেন, পুকুরের চারপাশের জমির মালিক আমার বাবা। উন্মুক্ত দরপত্রের দিন আমি সকাল ১০টা থেকে এসিল্যান্ড অফিসে ছিলাম। সাড়ে ১০টায় মারধরের খবর জানতে পারি। বিষয়টি এসিল্যান্ড এবং ওসিও জানেন। একইদিন বিকালে বিএনপির নেতাকর্মীরা আমার ওপর হামলা চালিয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদ আহম্মদ বলেন, উন্মুক্ত দরপত্রের বিষয়টি নিয়ে উপজেলায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে।
