স্থগিত হলো চট্টগ্রাম বন্দরে প্রবেশের ক্ষেত্রে পণ্যবাহী গাড়ির গেইট পাসের ফি। আর স্থগিত হওয়ার পর আজ রবিবার সন্ধ্যা ৬টা থেকে বন্দরের ভেতরে প্রবেশ শুরু করেছে প্রাইম মুভার, ট্রাক, কাভার্ড ও লরি। এতে গত বুধবার থেকে শুরু হওয়া অচলাবস্থার অবসান হলো।
রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত সভায় গেইট পাসের বর্ধিত ফি স্থগিতের বিষয়টি উঠে আসে। তবে বন্দরের পক্ষ থেকে স্থগিত বলা হলেও পরিবহন মালিকরা বলছে তারা আর বর্ধিত ফি দেবে না।
স্থগিতের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ও সংস্থাটির মুখপাত্র ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। যেহেতু ট্যারিফ স্থগিতের এখতিয়ার বন্দর কর্তৃপক্ষের নেই। তারপরও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বৃহত্তর স্বার্থে গেইট পাসের ক্ষেত্রে আগের হিসেবে (৫৭ টাকা ৫০ পয়সা) প্রদান করে গাড়িগুলো বন্দরে প্রবেশ করবে। পরবর্তীতে মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত পূর্বের হিসেবে গেইট পাস দিয়ে গাড়িগুলো প্রবেশ করবে।
এদিকে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টা থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্যাম প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন। তিনি বলেন, বন্দর চেয়ারম্যান আমাদের পূর্বের ফি দিয়ে গাড়ি প্রবেশের অনুমোদন দিয়েছেন। তাই আমরা সন্ধ্যা ৬টা থেকে বন্দরের ভেতরে গাড়ি প্রবেশ শুরু করেছি। তবে বর্ধিত ফির বিষয়টি যেহেতু লিখিত প্রজ্ঞাপন আকারে আমাদের জানানো হয়েছিল তেমনিভাবে প্রত্যাহারের বিষয়টিও লিখিতভাবে জানানোর জন্য বলেছি।
এর আগে গত ১৫ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নতুন ট্যারিফ কার্যকর শুরু করে। নতুন ট্যারিফে বন্দরের ভেতরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে ৫৭ টাকা ৫০ পয়সার পরিবর্তে ২৩০ টাকা ধার্য করে। আর এই ঘটনার পর থেকে বন্দরের ভেতরে প্রাইম মুভার, ট্রাক, কাভার্ডভ্যান ও লরি প্রবেশ বন্ধ করে দেয়া পরিবহন মালিক ও শ্রমিকরা। গত শনিবার পোর্ট ইউজার্স ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ প্রত্যাহারের জন্য সাত দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এই সাত দিনের মধ্যে ট্যারিফ স্থগিত করা না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
একই সঙ্গে রবিবার থেকে চট্টগ্রাম কাস্টমসের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন প্রতিদিন চার ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেয়।
এ বিষয়ে চিটাগাং কাস্টমসের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইফুল আলম বলেন, আমরা সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছি। পোর্ট ইউজার্স ফোরাম ঘোষিত কর্মবিরতি বর্ধিত ট্যারিফ স্থগিত হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন চলমান থাকবে।
কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কাপাসিয়ায় দুই নারীর মৃত্যু
ভিক্টোরিয়া কলেজে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
টিউশনের বাসার সিঁড়িতে পড়েছিল জবি ছাত্রদল নেতার লাশ