গাজীপুরে দুই প্রজেক্ট নির্মাণে প্রতিবন্ধকতার অভিযোগ

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পিএম

গাজীপুরে যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ বিনিয়োগে একটি এআই বেস আইটি পার্ক ও একটি এগ্রো প্রজেক্ট নির্মাণে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। ফলে দুটি প্রকল্প শুরুতেই হোঁচট খেতে বসেছে। বিষয়টি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে অভিযোগ করেন প্রকল্প সংশ্লিষ্টরা।

জানা গেছে, প্রকল্পের কর্ণধার ড. ইমাম যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আসেন। গাজীপুর মহানগরীর গাছা থানার পলাশোনা এলাকায় তার জমির ওপর যৌথ বিনিয়োগে এআই বেস আইটি পার্ক তৈরির উদ্দেশ্যে প্রাথমিক পর্যায়ে প্রজেকশন ডিজাইন কমপ্লিট করেন। তার এ কাজে বাধা সৃষ্টি করছেন ড. সামনুন তাহা নামের এক ব্যক্তি। যিনি সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টার নাম ভাঙিয়ে চলেন বলে অভিযোগ রয়েছে। 

প্রকল্প কর্তৃপক্ষ জানায়, চলমান ইউএসএ-জাপান জয়েন ভেঞ্চার প্রজেক্টটি বাধাগ্রস্ত করছেন ড. সামনুন তাহাসহ স্থানীয় কিছু কুচক্রি মহল। প্রকল্পের কাজ শুরুর আগেই সরকারের পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়সহ নানা স্থানে নামে-বেনামে অভিযোগ এনে প্রকল্পের কাজে বাধা দেওয়া হচ্ছে।

প্রকল্পটির প্রধান প্রশাসনিক কর্মকর্তা মেজর (অব.) মো. জিয়াউল ইসলাম বলেন, প্রকল্পের সার্বিক বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে কারো ক্ষতির সম্ভাবনা নেই। এটি হবে পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিকমানের। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিপুল কর্মসংস্থান হবে। 

প্রকল্পের সুপারভাইজার শহিদুল ইসলাম মন্ডল অভিযোগ করেন, প্রকল্পে বাধা দেওয়ায় দেশের অর্থনীতির জন্য ক্ষতি এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গাছার পলাশোনা এলাকায় আইটি পার্ক করতে আরো কিছু জমি দরকার। সেজন্য জমির মালিকদের অগ্রিম টাকা প্রদান করা হয়েছে। কিন্তু এই সব জমি বিক্রেতাদের সামনুন তাহা এবং লিটন নামের এক ব্যক্তি নানাভাবে ভয় ভীতি দেখাচ্ছেন এবং জমি বিক্রিতে বাধা দিচ্ছেন।  

প্রকল্প কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ, অবৈধ দখলচেষ্টা, নাশকতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অবিলম্বে তদন্ত কার্যক্রম গ্রহণ এবং আইনি ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন। এছাড়া ড. হাসান তাহের ইমামের বৈধ মালিকানাধীন জমি, সীমানা প্রাচীর ও চলমান উন্নয়নমূলক-কৃষি প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ও নজরদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ড. সামনুন তাহা তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘ওখানে আমার পৈত্রিক জমি রয়েছে। আমি কাউকে হয়রানি ও ভয়-ভীতি দেখাচ্ছি না। বরং অভিযোগকারীরাই আমার ক্ষতি করার চেষ্টা করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত