নিকোটিন পাউচ কারখানা স্থাপন বাতিলের দাবি প্রজ্ঞা-আত্মার

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা লঙ্ঘন করে ফিলিপ মরিসের নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপন বাতিলের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। একইসঙ্গে বর্তমান সরকারের জনস্বাস্থ্য সুরক্ষার প্রয়াসের সঙ্গে এ সিদ্ধান্ত সাংঘর্ষিক বলেও মন্তব্য করা হয়।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে এই দাবি ও উদ্বেগ প্রকাশ করে সংগঠন দুটি।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের মে মাসে দেশে ই-সিগারেট/ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনপিএস) যন্ত্র ও সংশ্লিষ্ট অন্যান্য পণ্য উৎপাদনের কারখানা স্থাপনের অনুমতি না দেওয়ার নির্দেশনা দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এর আগে ১ জানুয়ারি এসআরও জারির মাধ্যমে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম সংশ্লিষ্ট সব পণ্য আমদানি নিষিদ্ধ করে বাণিজ্য মন্ত্রণালয়। নিকোটিন পাউচও শরীরে নিকোটিন নেওয়ার একটি পদ্ধতি। এটি একটি নতুন ধরনের মাদক, যা ধূমপান বা তামাক চিবানো ছাড়াই নিকোটিন নেওয়া যায়। বিভিন্ন সুগন্ধি ও রাসায়নিক মিশিয়ে এই মাদক বাজারজাত করা হয়।

প্রজ্ঞা ও  আত্মা  জানায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ফিলিপ মরিসকে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চলে কেবল দেশের অভ্যন্তরে বিক্রির জন্য নিকোটিন পাউচ তৈরির কারখানা স্থাপনের অনুমতি দিয়েছে। অনুমোদনের শর্তাবলীতে উপকরণ আমদানির উল্লেখ রয়েছে, যা সরকারি নির্দেশনাসমূহের সুস্পষ্ট লঙ্ঘন। তামাক কোম্পানি নিকোটিন পাউচকে ‘তুলনামূলক কম ক্ষতিকর’ বলে দাবি করলেও প্রচলিত ধোঁয়াবিহীন এই তামাকে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (সিডিসি) সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে নিকোটিন পাউচ নতুন প্রজন্মের শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। 

ইতোমধ্যে বেলজিয়াম, রাশিয়া, উজবেকিস্তান, ফ্রান্সসহ বিশ্বের ৩৪টি দেশ এটি বিক্রয় নিষিদ্ধ ও নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

এবিষয়ে প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, নিকোটিন পাউচ কারখানা স্থাপনের অনুমোদন প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনার লঙ্ঘন। অবিলম্বে এটি কার্যকর করে কারখানা স্থাপনের অনুমোদন বাতিল করতে হবে।

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনীতেও নিকোটিন পাউচসহ ই-সিগারেট, ভ্যাপিং, ইএনডিএস, হিটেড টোব্যাকো প্রোডাক্ট এবং এ ধরনের সকল মাদক উৎপাদন, আমদানি, ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। প্রজ্ঞা ও আত্মা আশা করে সরকার দ্রুততম সময়ের মধ্যে খসড়া তামাক নিয়ন্ত্রণ আইন চুড়ান্ত করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত