সড়ক নিরাপত্তা আইন দ্রুত প্রণয়নের দাবি তরুণদের

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তরুণরা দ্রুত ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, সড়কে মৃত্যুর ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে তরুণ প্রজন্ম, আর তরুণদের মৃত্যুর অন্যতম কারণ রোডক্রাশ।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর সড়ক ও জনপথ অধিদপ্তরের সামনে আয়োজিত জাতীয় কর্মসূচিতে অংশ নিয়ে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সদস্যরা এ দাবি জানান। এ বছর নবমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় তরুণরা বলেন, সড়কে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ‘সেইফ সিস্টেম অ্যাপ্রোচ’-এর আলোকে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও কার্যকর করা এখন সময়ের দাবি।

তাঁরা আরও উল্লেখ করেন, গত সেপ্টেম্বরে মরক্কোয় অনুষ্ঠিত গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্সে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতি দিয়েছে- ২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন এবং ২০২৬ সালের মধ্যে গতিসীমা ব্যবস্থাপনা ও মানসম্মত হেলমেট ব্যবহারের গাইডলাইন প্রণয়ন করবে। আহ্ছানিয়া মিশনের তরুণরা এই প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে দেশের সড়ক দুর্ঘটনার বড় অংশই ঘটছে মোটরসাইকেল সংশ্লিষ্ট ঘটনায়। দুর্ঘটনার প্রায় ৪৩ শতাংশ মোটরসাইকেল জড়িত, আর এসব ঘটনার ৯০ শতাংশই ঘটে চালকের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে।

তরুণরা বলেন, ‘এই বছরের প্রতিপাদ্যের সঙ্গে আমরা একমত। মানসম্মত হেলমেট ব্যবহারের পাশাপাশি সড়ক নিরাপত্তা আইন ও গতিসীমা ব্যবস্থাপনার নির্দেশিকা দ্রুত কার্যকর করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত