গাজীপুরে নকল দলিল পর্চা নকশা তৈরির সরঞ্জামসহ আটক ১

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

গাজীপুরে জাল পর্চা, নকল দলিল, নকশা ও ভুয়া সিল তৈরি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল ব্যবহার করে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জামসহ মো. সোহেল রানা (৩৬) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (২২ অক্টোবর) দুপুরে গাজীপুর শহরের চেয়ারম্যান পাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।  

আটক সোহেল রানা গাজীপুর মহানগর নীলের পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়।  

স্থানীয় বাসিন্দা রাবেয়া বেগম জানান, গত কয়েক মাস ধরে ছোট একটি ঘর নিয়ে তারা তাদের কাজ করে আসছিল। কিছুদিন থেকে লোকজনের আনাগোনা বেশি হচ্ছিল। কিন্তু রুমের ভিতরে কি হয় তা আমরা কেউ জানি না। আজকে অভিযান হওয়ার পর দেখতে পারলাম এত বড় বড় কর্মকর্তাদের সিল ও ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়েছে। ওই ঘরটি কাপাসিয়া সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. হাবিবুল্লাহ নামে এক জনের সাইনবোর্ড রয়েছে। তিনিই মূলত এ কক্ষটি ব্যবহার করেন।  

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানের ভুয়া দলিল, পর্চা, নকশা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সিল দিয়ে জাল নথিপত্র তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরো কেউ জড়িত রয়েছে কি না সেটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত