টানা চার পরাজয়ের হতাশা ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্নে স্লটের দল। গোল খেয়ে পিছিয়ে পড়েও ইংলিশ জায়ান্টরা দুর্দান্ত লড়াইয়ে জয় তুলে নিয়েছে। গোল করেছেন হুগো একিতিকে, ভার্জিল ভ্যান ডাইক, কোডি গাকপো ও ডমিনিক সোবোস্লাই।
জার্মানিতে অনুষ্ঠিত এই ম্যাচ জিতে লিভারপুল শুধু হারের ধারাই কাটায়নি, বরং আসন্ন প্রিমিয়ার লিগ ম্যাচগুলোর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ম্যাচের শুরুটা ভালো ছিল না লিভারপুলের জন্য। ১৪তম মিনিটে ফ্রাঙ্কফুর্টের রাসমুস ক্রিস্টেনসেনের শটে গোল হজম করে বসে তারা। এরপরই লিভারপুল যেন জ্বলে ওঠে। ২০তম মিনিটে অ্যান্ডি রবার্টসনের দ্রুত কাউন্টার আক্রমণ থেকে হুগো একিতিকে সমতাসূচক গোল করেন।
সাবেক ক্লাব ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোল করার পর অবশ্য উদযাপন না করে হাত তুলে দুঃখ প্রকাশ করেন এই ফরাসি ফরোয়ার্ড। এরপর কর্নার থেকে দারুণ এক হেডে গোল করেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিছুক্ষণের মধ্যেই আরেকটি কর্নার থেকে ব্যবধান ৩-১ করে ফেলেন কোডি গাকপো। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লিভারপুল। মাঝমাঠে দারুণ পারফর্ম করেন ডমিনিক সোবোস্লাই। শেষ দিকে তার দূরপাল্লার শট বড় জয় নিশ্চিত হয়।
নতুন কোচ আর্নে স্লটের অধীনে এটাই লিভারপুলের সবচেয়ে বড় জয়। তবে ম্যাচে কিছু দুশ্চিন্তার খবরও রয়েছে — গ্রোয়েন ইনজুরিতে মাঠ ছাড়েন আলেকজান্ডার ইসাক, আর হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে যান জেরেমি ফ্রিমপং। শেষ দিকে বদলি হিসেবে নামলেও মোহাম্মদ সালাহ বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। সাম্প্রতিক ফর্মহীনতার কারণে টানা দ্বিতীয়বারের মতো তাকে বেঞ্চে রেখেছিলেন স্লট।
দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ বলেন, ‘আমরা অবশেষে নিজেদের ছন্দে ফিরেছি। খেলোয়াড়রা মানসিকভাবে দৃঢ় প্রতিক্রিয়া দেখিয়েছে।’
আজ জিতলে স্বস্তি হারলে লজ্জার রেকর্ডের সামনে বাংলাদেশ
বেলিংহামের গোলে জুভেন্টাসকে হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ