টাঙ্গাইলের কালিহাতীতে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা প্রচারণায় এক অভিনব উদ্যোগ নিয়েছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ও জেলা বিএনপি নেতা প্রকৌশলী বাদলুর রহমান খান। তিনি লিফলেটের সঙ্গে লটারির ব্যবস্থা করেছেন। এতে প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেলের ঘোষণা করা হয়। সঙ্গে রয়েছে আরও চারটি পুরস্কার।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট ও লটারির ফরম বিতরণ করেন।
বল্লা ইউনিয়নের রামপুর এলাকায় গিয়ে বক্তব্যে জেলা বিএনপি নেতা প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, এর আগেও আমি লিফলেট বিতরণ করেছিলাম অনেকেই পড়েছে আবার কেউ কেউ ফেলেও দিছে। পরে আমি চিন্তা করলাম কীভাবে মানুষদের লিফলেট পড়াতে পারি। সে অনুযায়ী লিফলেটে দুই কুপন রাখছি একটি বিতরণ করি, অপরটিতে মোবাইল নাম্বারসহ বিস্তারিত তথ্য রেখে দেই। বিশেষ করে নারীরা বেশি সংরক্ষণে রাখছেন। কিছু দিনের মধ্যেই লটারি ড্র হবে।
রামপুরের স্থানীয় নেতাকর্মীরা জানান, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ আরও উৎসাহী হয়ে লিফলেট নিচ্ছেন ও ৩১ দফা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করছেন।
