রাজধানীর বংশালে প্রেমিকার বাসায় সজিব (১৯) নামে এক শিক্ষার্থীকে গলায় জিআই তার পেচিয়ে হত্যার অভিযোগ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর বাসায় এই ঘটনটি ঘটে।
পুলিশ ওই বাসার সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, শনিবার বিকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান তিনি। বাড়িটির চারতলায় সিঁড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় জিআই তার পেচানো, উপুর হয়ে সিঁড়িতে পড়ে ছিল। প্রথমে তার পরিচয় অজ্ঞাত ছিল। পরে মোবাইলের মাধ্যমে পরিচয় সনাক্ত হয়।
তিনি আরও জানান, ওই বাসার চারতলায় একটি মাত্র পরিবার থাকে। এছাড়া বাসার পুরোটাই গোডাউন। লাশ উদ্ধারের সময় চারতলার ওই বাসাটিও বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে গলায় জিআই তার পেচিয়ে হত্যা করা হয়েছে। বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
এদিকে, হাসপাতালে নিহত সজিবের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিবদের বাসা বংশাল আগামাসি লেনে। সজিব এবার আহমেদ বাউনিয়া স্কুল এন্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তবে সে অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলীগ জামায়াতে ঢাকার দোহার গিয়েছিল। শুক্রবার সেখান থেকে বাসায় আসে। শনিবার বেলা ৩টার দিকে একটি ফোন পেয়ে বাসা থেকে বের হয় সে। এরপর বিকালে জানতে পারেন, একটি বাসার সিঁড়িতে সজিবের মরদেহ পাওয়া গেছে।
ইসলাম আরও জানান, যে বাসায় সজিবের মরদেহ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজিবের প্রেমিকা খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে পরিবারটির কাউকে পাওয়া যায়নি। গত ৬ বছর যাবৎ খাদিজার সাথে সম্পর্ক ছিল সজিবের। মাঝখানে একবার মনমানিল্য হইছিল। তবে খাদিজার মামারা এই সম্পর্ক মেনে নিতে পারছিল না। খাদিজার পরিবার ও তার দুই মামা ইকবাল ও কামাল মিলে সজিবকে হত্যা করেছে বলে অভিযোগ সজিবের পরিবারের।
