ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপাধারী লিভারপুল এক অজানা সঙ্কটে পড়েছে। আর্নে স্লটের দল যেন জিততেই ভুলে গেছে। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-২ গোলে পরাজিত হয়ে টানা চতুর্থ ম্যাচে বরণ করল পরাজয়। স্কোরলাইনটা যতটা কাছাকাছি মনে হচ্ছে, বাস্তবে মাঠের খেলায় ঠিক তার উল্টোটাই দেখা গেছে। কারণ পুরো ম্যাচেই ব্রেন্টফোর্ড ছিল অনেক এগিয়ে।
প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ হারের ঘটনা এই নিয়ে দেখা গেল চতুর্থবার। এর আগে ২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটি, ২০২০-২১ মৌসুমে লিভারপুল নিজেরাই এবং গত মৌসুমে ম্যানচেস্টার সিটি— এ রকম ধস দেখেছিল। ম্যাচ শেষে কোচ আর্নে স্লট স্বীকার করেন, দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক, ‘তিন গোল খেলে কোনো ম্যাচ জেতা যায় না। প্রথমটা আসে সেট পিস থেকে, দ্বিতীয়টা কাউন্টার-অ্যাটাক— যা ব্রেন্টফোর্ডের সবচেয়ে বড় শক্তি। আমাদের নিজেদের ভুলগুলো ঠিক করতে হবে।’
স্লট সম্প্রতি প্রতিপক্ষ দলের দীর্ঘ পাস ও রক্ষণাত্মক কৌশলকে দায়ী করেছিলেন দলের দুর্বলতার জন্য। কিন্তু এবার দায়টা স্পষ্টতই নিজের খেলোয়াড়দের পারফরম্যান্সে। মাঠে লিভারপুল ছিল ছন্নছাড়া, ক্লান্ত ও আত্মবিশ্বাসহীন। ম্যাচের শুরুতেই ব্রেন্টফোর্ডের মাইকেল কায়োদের দীর্ঘ থ্রো থেকে গোল হজম করে বসে লিভারপুল। এরপর মিকেল ডামসগার্ডের দারুণ থ্রু-পাস থেকে কেভিন শ্যাডে গোল করে ব্যবধান বাড়ান।
রক্ষণভাগে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক ও নতুন ডিফেন্ডার মিলোস কেরকেজের মধ্যে বোঝাপড়ার অভাব স্পষ্ট ছিল। ভ্যান ডাইকের ফাউল থেকে পাওয়া পেনাল্টিতেই ইগর তিয়াগো নিশ্চিত করেন ব্রেন্টফোর্ডের জয়। ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে আসা জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ওয়ার্টজ আবারও ব্যর্থ। প্রথমার্ধে সহজ সুযোগ নষ্টের পর ম্যাচের শেষ দিকে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি, যা সমর্থকদের কণ্ঠে শোনা যায়— “হোয়াট আ ওয়েস্ট অব মানি।”
মোহাম্মদ সালাহ এক ঝলক পুরোনো জাদু দেখিয়ে একটি গোল করলেও দলের সামগ্রিক দুর্বলতা ঢাকতে পারেননি। ইনজুরিতে থাকা আলেকজান্ডার ইসাক ও রায়ান গ্র্যাভেনবার্শের অনুপস্থিতিতে আক্রমণভাগে সৃজনশীলতার বালাই ছিল না। এখন লিভারপুলের সামনে চারটি গুরুত্বপূর্ণ ম্যাচ—কারাবাও কাপে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে, চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবং এরপর ম্যানচেস্টার সিটির মাঠে।
বেলিংহাম বনাম রাশফোর্ড: এল ক্ল্যাসিকোয় আজ ইংরেজ দ্বৈরথ
মেসির ১৪ বছর পর ভারতে ফেরা ভেস্তে গেল
সমালোচনা বরং ইয়ামালকে এল ক্লাসিকোতে 'অনুপ্রাণিত করবে'