এক ইনিংসে দুই হ্যাটট্রিক, ক্রিকেটে বিরল ঘটনা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম

ভারতের ঘরোয়া আসর রঞ্জি ট্রফিতে রচিত হলো বিরল এক ইতিহাস। আসাম ও সার্ভিসেসের মধ্যকার ম্যাচে একই ইনিংসে হ্যাটট্রিক করলেন দুই বোলার। টুর্নামেন্টের ৯০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঘটল এমন ঘটনা।

গতকাল শনিবার আসামের টিনসুকিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনেই হ্যাটট্রিক করেন সার্ভিসেসের দুই পেসার অর্জুন শর্মা ও মোহিত জাঙ্গরা। প্রায় ২৫ বছর পর টিনসুকিয়ায় রঞ্জি ট্রফির ম্যাচ অনুষ্ঠিত হলো। সর্বশেষ এখানে ম্যাচ হয়েছিল ২০০২ সালের জানুয়ারিতে, আসাম ও ওডিশার মধ্যে। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে এমন এক বিরল রেকর্ডের সাক্ষী হলো এই শিল্পনগরীর স্টেডিয়াম।

দুই বোলারের দাপটে আসামের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে। এর কাছাকাছি রেকর্ড হয়েছিল প্রায় ৬২ বছর আগে ১৯৬৩ সালে। সেবার সার্ভিসেস দলেরই আরেক বোলার জোগিন্দর সিং রাও উত্তর পাঞ্জাবের বিপক্ষে একটি ম্যাচে দুই ইনিংসে দুটি হ্যাটট্রিক নিয়েছিলেন। তবে একই ইনিংসে দুই বোলারের হ্যাটট্রিক— এমন নজির এবারই প্রথম। এই অনন্য অর্জনে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় লিখে ফেলল সার্ভিসেস দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত